ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে গরু নিয়ে বিতণ্ডায় বিজিবির গুলিতে ৩ গ্রামবাসী নিহতের ঘটনায় স্বজনহারাদের মামলা নিতে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে। তবে থানায় অভিযোগপত্র জমা না দেওয়ার দাবি করছেন থানার ওসি। এদিকে স্থানীয়দের বিরুদ্ধে দুইটি মামলা দায়েরের পর বিজিবির টহল তত্পরতা বৃদ্ধিতে আতঙ্ক বাড়ছে বহরমপুরে। এ অবস্থায় ভয়ে এলাকা ছাড়ছেন অনেকে। বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পরই জেলার হরিপুর উপজেলার বহরমপুরজুড়ে শুরু হয়েছে আতঙ্ক।
স্থানীয়দের দাবি, বিজিবির পক্ষ থেকে দুইটি মামলায় ২২ জনের নামসহ অজ্ঞাত আড়াইশ জনকে আসামি করায় এখন গ্রেফতার আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। বাসাবাড়িতে থাকতে ভয় পাচ্ছেন পুরুষরা। গ্রেফতার এড়াতে অনেকেই এলাকা ছাড়তে শুরু করেছেন। এরমধ্যেই শনিবার সকালে বহরমপুরে বিজিবির আকস্মিক টহল তত্পরতায় শঙ্কা আরো বেড়েছে এলাকাবাসীর।
এলাকাবাসী জানান, আতঙ্কে আমরা ঘরে থাকতে পারছি না। আমরা নাগরিক অধিকার নিয়ে বাঁচার মতো বাঁচতে চাই এবং এই নির্মম হত্যার সুষ্ঠু বিচার চাই। তাদের অভিযোগ, নিহতদের স্বজনদের পক্ষ থেকে মামলা করতে চাইলেও তা নিতে টালবাহানা করছে পুলিশ।
তবে এ অভিযোগ অস্বীকার করে ঠাকুরগাঁও হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান উল্টো দোষ চাপালেন স্থানীয়দের বিরুদ্ধে। তিনি বলেন, ‘তারা কি থানায় লিখিত অভিযোগ করেছে? তদন্ত কমিটি পরিদর্শনের পর বিষয়টি দেখা যাবে।’
উল্লেখ্য, গরু চোরাচালানের অভিযোগে গত মঙ্গলবার বহরমপুর গ্রামবাসীর গরু জব্দ করার সময় এলাকাবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়। এ সময় বিজিবি এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হন।