নারী ভোটারের সংখ্যাও অধিক
শেরপুর প্রতিনিধি
সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ছাড়াও শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী আরো পাঁচজন নারী এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। অপরদিকে জেলার তিনটি আসনেই পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা অধিক।
মনোনয়ন প্রত্যাশী নারী প্রার্থীদের মধ্যে শেরপুর-১ (সদর) আসনে তিনজন। এরা হচ্ছেন— সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাতেমাতুজ্জোহুরা বেগম শ্যামলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনে নারী প্রার্থী ২ জন। এরা হচ্ছেন— কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও জাতীয়পার্টি নেত্রী কাজী রোজী সিদ্দিকী। শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে একমাত্র নারী প্রার্থী হচ্ছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা।
অপরদিকে ভোটারের সংখ্যার দিক থেকেও শেরপুর জেলার তিনটি আসনে পুরুষ ভোটারের চেয়ে প্রায় ১২ হাজার নারী ভোটার বেশি। এরমধ্যে শেরপুর-১ আসনে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ১২১ জন এবং নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৬৬৬ জন। শেরপুর-২ আসনে ১ লাখ ৭১ হাজার ৭১২ জন পুরুষ এবং ১ লাখ ৭৭ হাজার ১৩৫ জন নারী ভোটার। শেরপুর-৩ আসনে ১ লাখ ৬৪ হাজার ৫৭৫ জন পুরুষ ভোটার এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৫৭৮ জন।