লঘুচাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি

ইত্তেফাক রিপোর্ট

পশ্চিমা লঘুচাপের প্রভাবে রবিবার ভোরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ পাত ও শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে কিছুটা শীত পড়েছে। তবে আবহাওয়ার এ বিরূপ অবস্থা আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বসন্তে হঠাত্ এ বৃষ্টির কারণে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যান।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শীতের শেষের দিকে তাপমাত্রা একটু বৃদ্ধি পায়। এ কারণে পশ্চিমা লঘুচাপের সৃষ্টি হয়। তারা জানান, শীত মৌসুমে বৃষ্টি অস্বাভাবিক। তবে একেবারেই যে হয় না তা তো নয়। এর আগেও শীত মৌসুমে বৃষ্টি হয়েছে। এ মাসের শেষ সপ্তাহে আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তারা।

গতকাল ঢাকায় ২৭ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। এছাড়া রাজশাহীতে ১৭ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তত্সংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সোমবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।