আল মাহমুদের শেষ শয্যা হলো বাবা-মায়ের পাশে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলা সাহিত্যের পুরোধা কবি আল মাহমুদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জোহর নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আশেক উল্লাহ ভুঁইয়া। জানাজায় অংশগ্রহণ করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক মানুষ। পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা প্রিয় কবিকে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানান। জানাজার আগে তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়। জানাজা শেষে দক্ষিণ মৌড়াইলস্থ পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয় আল মাহমুদকে।

মান ভেঙেছেন ‘সোনালি কাবিন’র কবি আল মাহমুদ! এক বছরেরও বেশি সময় পর তিনি ফিরেছেন তাঁর পৈতৃক নিবাসে। তবে কারো সঙ্গেই কথা বলছেন না কবি, গভীর ঘুমে মগ্ন তিনি। আর কোনোদিন কবির সেই ঘুম ভাঙবে না। এর আগে শনিবার রাত সাড়ে ৮টায় কবি আল মাহমুদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মৌড়াইল গ্রামের পৈতৃক নিবাসে এসে পৌঁছায়। এভাবে প্রাণহীন দেহে কবির বাড়ি ফেরা মেনে নিতে পারছেন না কেউই। তাইতো মরদেহ বাড়ির উঠানে রাখার পরই শুরু হয় কবির স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আর্তনাদ। সবার চোখেই টলমল করছে জল। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এ কবির বিয়োগে হাহাকারে ছেয়ে গেছে চারপাশ।