আগৈলঝাড়ার শিশু রাজকে বাঁচাতে সাহায্যের আবেদন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

তিন বছরের ফুটফুটে শিশু রাজ। জীবনের প্রথম কথা বলতে শিখছে, তোতা পাখির মত তার কথা শুনে বাড়ির সকলেই মুগ্ধ হয়ে কাছে টানে তাকে। কিন্তু একটু হেসে-খেলেই ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়ছে রাজ। কারণ তার ধরা পড়েছে জটিল রোগ। চিকিত্সকেরা জানিয়েছেন, দ্রুত এই রোগের চিকিত্সা করানো প্রয়োজন, অন্যথায় সহসাই মৃত্যুর কোলে ঢলে পড়বে শিশুটি।

আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের হতদরিদ্র দিনমজুর আমৃত লাল জয়ধরের একমাত্র সন্তান রাজ জয়ধর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানিয়েছেন, জন্মগতভাবেই শিশু রাজের হার্ট, বাল্ব ও ফুসফুসে সমস্যা রয়েছে। একমাত্র অপারেশনের মাধ্যমেই সে সুস্থ হতে পারে।

দেশের চিকিত্সকদের পরামর্শে অসহায় বাবা আমৃত লাল ভারতের ভেলোর ডিপার্টমেন্ট অফ কার্ডিও থেরোসিক সার্জারি ইউনিট-২ মেডিক্যাল কলেজের চিকিত্সকদের শরণাপন্ন হন। সেখানের হাসপাতাল প্রধান প্রফেসর বিনায়ক শুক্লার নেতৃত্বে তিন সদস্যর বোর্ড মেডিক্যাল রাজের একই সমস্যার কথা জানিয়ে দ্রুত অপারেশন করার পরামর্শ দেন। আর এই অপারেশনের জন্য প্রয়োজন চার লাখ টাকা। 

শিশু ছেলের চিকিত্সার জন্য সমাজের বিত্তশালী, রাজনৈতিক নেতাসহ সকলের কাছে সহযোগিতা চেয়েছেন রাজের অসহায় বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা-আমৃত জয়ধর, সঞ্চয়ী হিসাব নং ০৩০১২০১০১৫৮৪৭, সোনালী ব্যাংক, আগৈলঝাড়া শাখা, বরিশাল। মোবাইল/ বিকাশ নং-০১৭৬২২৬৯৬৭৪।