নারায়ণগঞ্জে প্রতিবাদ করার লোক পাচ্ছি না —শামীম ওসমান

g স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ছাত্রদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেছেন, তোমাদের জেগে উঠতে হবে। আমি প্রতিবাদ করার মতো লোক নারায়ণগঞ্জে পাচ্ছি না। আমাদের সময় শেষ হয়ে আসছে। তোমাদেরই জেগে উঠতে হবে। তবে তোমাদের রাজনীতিতে আসতে হবে না। দেশকে ভালোবাসতে হলে রাজনীতি করতে হয় না।

গতকাল রবিবার দুপুরে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, ‘তোলারাম কলেজে শিক্ষার্থী সংখ্যা প্রায় ২২ হাজারের মতো। তোমরা চোখের সামনে অপরাধ দেখ কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলছো। সারাক্ষণ মোবাইল ফোনের মধ্যে বসে আছো। তিনি আরো বলেন, ‘অনেক হতাশার মধ্যে দুইটি ঘটনা আমাকে আশার আলো দেখিয়েছে। এক, কোটা সংস্কার আন্দোলনের জন্য শিক্ষার্থীরা মাঠে নেমেছে। দুই, নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা মাঠে নেমেছে। আমি নিজের মধ্যে তখন অহংকার বোধ করেছি।’

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রাণী সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ মো. আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, সাবেক অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন আক্তার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, তোলারাম কলেজের ভিপি ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।