g কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিবলী সাদিক এবং থানার অফিসার ইনচার্জ মোঃ আবুবকর মিয়ার হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিয়ে। শুক্রবার বিকেলে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও ও তুমলিয়া ইউনিয়নের চাঁনখোলা গ্রামে দুটি বাল্যবিয়ে বন্ধ করা হয়।
জানা গেছে, শুক্রবার উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের আনসার ব্যাপারীর নাবালিকা মেয়ের (১৩) সাথে একই গ্রামের রফিক মোড়লের নাবালক ছেলে (১৫) এবং একই দিনে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চাঁনখোলা গ্রামের শহিদুল্লাহর নাবালিকা মেয়ের (১৬) সাথে বরিশালের গৌরনদী উপজেলার নরসিত্হল গ্রামের আব্দুর রউফ আকন্দের ছেলের (২৫) বিয়ের তারিখ ধার্য হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও এবং ওসি ওই দুই বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন। পরে দুটি বিয়েই বন্ধ করে দেওয়া হয়। এ সময় প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে দুই অভিভাবক পক্ষের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।