g আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে বন্ধ হয়নি ‘সিলভার’ তৈরির অবৈধ কারখানাটি। উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর-কড়ইতলার চকে গড়ে ওঠা অবৈধ এই কারখানাটি বন্ধ করার জন্য কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা, মানিকপুর ও চালাকচরের চকে গড়ে ওঠা ওই কারখানার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি। সেই সাথে পুরো এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। কারখানায় কাজ চলার সময় এর আশে-পাশে লোকজন চলাফেরা করতে পারে না। অনেকে অসুস্থ হয়ে পড়েছে। কারখানাটি স্থাপিত হওয়ার পর থেকেই স্থানীয় লোকজন বাধা দিয়ে আসছে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই মালিক পক্ষের। দীর্ঘ ৩ বছর ধরে এই অবস্থাই চলছে।
স্থানীয় বাসিন্দা কবির সানি বলেন, এই কারখানা গোটা এলাকার পরিবেশে নষ্ট করছে। তাই আমরা এটি বন্ধের জন্য আবেদন জানিয়েছি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৬/৭ জন শ্রমিক কারখানায় কাজ করছে। তাদের নিকট মালিকের পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তারা তা দিতে অপারগতা প্রকাশ করেন। কারখানায় সিগারেটের প্যাকেটের ভেতরের সোনালি রঙের কাগজ, চিপস এর প্যাকেট, বিস্কুটের প্যাকেট ইত্যাদি স্তুপ করে তাতে আগুন দিয়ে পুড়িয়ে এক প্রকার তরল পদার্থ তৈরি করা হয়। সেই তরল পদার্থ ডাইসে ফেলে ঠান্ডা করে তৈরি হয় সিলভারের প্লেট। কারখানাটির কোন অনুমোদন নেই বলে জানান উপজেলা প্রশাসন। স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে তারা এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি পত্রিকায় প্রকাশিত হলেও পরিবেশ অধিদপ্তর এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।