মহাত্মা গান্ধীর সার্ধশততম (১৫০তম) জন্মবার্ষিকী উপলক্ষে অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে শুরু হওয়া ত্রিদেশীয় মোটর র্যালি এখন বাংলাদেশে। গতকাল রবিবার পেট্রোপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছানো র্যালিটি আগামী ১৯ ফেব্রুয়ারি আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে আবার ভারতে পৌঁছবে।
বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাব (কেএমএসসি) ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়ের সহায়তায় এ মোটর র্যালির আয়োজন করা হয়। আয়োজকরা জানান, শান্তির বার্তা ছড়ানোর পাশাপাশি ত্রিদেশীয় এ র্যালির মাধ্যমে নিরাপদে গাড়ি চালনার বার্তা প্রচার করবে। র্যালিটি ২২ দিনে তিনটি দেশে সাত হাজার ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং ১০টি গাড়ি এই র্যালিতে যুক্ত হবে।
গত ৪ ফেব্রুয়ারি দিল্লির রাজঘাট থেকে শুরু হওয়া এই র্যালিটি সবরমতি, পোরবন্দর, সেবাগ্রাম, জবলপুর, ডান্ডি, ইয়েরবদা, লক্ষৌ, চৌরি-চৌরা, চম্পারণ, শান্তিনিকেতন ও কলকাতা হয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি ইয়াঙ্গনে শেষ হবে।
এ উপলক্ষে আজ সোমবার ভারতীয় হাই কমিশনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।