গ্যাস সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর বহু এলাকার মানুষ। গত শনিবার নগরীর জনবহুল মিরপুর, মোহাম্মদপুর, গাবতলী, শ্যামলী, আগারগাঁও, ধামরাই, আশুলিয়া, আমিনবাজার ও সাভারসহ রাজধানীর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ দিনভর বন্ধ থাকায় চরম কষ্ট সহ্য করতে হয় নাগরিকদের। গতকাল রবিবার সকালে তিতাসের মেরামতের কাজ শেষ করে গ্যাস সরবরাহ শুরু করা হলেও সন্ধ্যা পর্যন্ত অনেক এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি বলে অভিযোগ আছে। অনেক এলাকায় গত দুই দিন ধরে গ্যাস নেই। এই দুর্ভোগের রেশ না কাটতেই আগামীকাল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আবারও রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস কোম্পানি। মেট্রোরেলের কাজের কারণে ওইদিন সন্ধ্যা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে সংস্থাটি জানিয়েছে। এদিন গ্যাস সরবরাহ বন্ধের আওতায় পড়বে রামপুরা, বনশ্রী, শান্তিনগর, কাকরাইল, গুলিস্তান, তেজগাঁও, ধানমন্ডি, আজিমপুর ও মিরপুরের একাংশে।
তিতাস গ্যাস বিতরণ কোম্পানির পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, শাহবাগে মেট্রোরেল নির্মাণের জন্য গ্যাস পাইপ লাইন স্থানান্তর করতে হবে। আমরা নতুন লাইন নির্মাণ করেছি। এখন পুরনো লাইনের সঙ্গে নতুন লাইন জুড়ে দেওয়া হবে। এজন্য মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।