ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘চেতনার ঐক্য’ প্যানেল করবে ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে নিয়ে এই ‘চেতনার ঐক্য’ প্যানেল গড়ে তোলা হবে। গতকাল রবিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট সিনেট সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বৈঠক শেষে এ তথ্য জানান।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, অনেক প্রত্যাশিত ডাকসু নির্বাচনকে আমরা সিরিয়াসলি নিয়েছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার্ড গ্রাজুয়েট সিনেট সদস্যরা আমাদের অনেক পরামর্শ দিয়েছেন।
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান, আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।