রাষ্ট্রপতির পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
কিশোরগঞ্জ প্রতিনিধি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পিতা হাজী তায়েবউদ্দিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৪ নভেম্বর কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়াও উপজেলা আওয়ামী লীগ অফিস, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ, হাজী তায়েবউদ্দিন উচ্চ বিদ্যালয়, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখিত অনুষ্ঠানসমূহে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক-ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বরূপকাঠিতে আয়কর মেলা উদ্বোধন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠি কর অঞ্চল সার্কেল- ১৭ এর উদ্যোগে গতকাল রবিবার স্বরূপকাঠিতে দুই দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। বরিশাল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাশার আকন প্রধান অতিথি হিসেবে ওই মেলার উদ্বোধন করেন। সহকারী কর কমিশনার মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি স্বরূপকাঠি কলেজের উপাধ্যক্ষ মো. ফজলুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির, অ্যাডভোকেট মো. সামসুল আরেফিন, অ্যাডভোকেট মো. নাজির হোসেন ও জগন্নাথকাঠি বন্দর কমিটির সভাপতি অধ্যাপক আব্দুস সালাম সিকদার প্রমুখ।
মহাজোটের মনোনয়ন না পেলে বরিশাল-৬ আসনে
স্বতন্ত্র নির্বাচন করবেন জাসদ’র মো. মহসিন
বরিশাল অফিস বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে শক্ত অবস্থানে রয়েছেন মহাজোটের মনোনয়ন প্রত্যাশী জাসদের (ইনু) ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা মো. মহসিন। গত ১০ বছর যাবত্ তিনি নেপথ্যে থেকে বাকেরগঞ্জের উন্নয়নে অবদান রাখায় এবার মহাজোট থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানা গেছে। মো. মোহসিন জানান, দীর্ঘদিন বাকেরগঞ্জবাসীর পাশে থেকে নানান উন্নয়ন কাজে সহায়তা করেছি। দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ প্রার্থী হিসেবে সমর্থন করায় তিনি মহাজোট কিংবা দলের প্রতীক মশাল নিয়ে নির্বাচনে ইচ্ছুক। দল মনোনয়ন না দিলেও তিনি এবার স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানিয়েছেন। বাকেরগঞ্জ দাড়িয়ালের সন্তান নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তুখোড় ছাত্রনেতা মো. মহসিন দিনরাত গণসংযোগ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। মো. মহসিন জানান, গত ১০ বছর যাবত্ বাকেরগঞ্জে মহাজোটের শরীক জাতীয় পার্টির (জাপা) এমপি থাকলেও এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। একাদশ সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ আসনে মহাজোট আবারো জাপাকে ছাড় দিলে তিনিও প্রার্থী হবেন। তিনি বলেন, এ আসনটি ২০০৮ সালে জাপার মহাসচিব এবিএম রূহুল আমিন হাওলাদার ও ২০১৪ সালের নির্বাচনে তার স্ত্রী নাসরিন জাহান রত্না আমিনকে ছেড়ে দেওয়া হয়। তাদের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কাঙ্ক্ষিত ছোঁয়া পায়নি বাকেরগঞ্জবাসী।
নওগাঁ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান
সাবেক সচিব মুক্তিযোদ্ধা মো. এনামুল কবির
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান জনতার মঞ্চখ্যাত সাবেক সচিব মুক্তিযোদ্ধা মো. এনামুল কবির। মনোনয়ন প্রত্যাশী এনামুল কবির আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন ১৯৬৯ সালে অসহযোগ ও স্বাধিকার আন্দোলনের মাধ্যমে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি কক্সবাজার ও ময়মনসিংহ জেলার ডিসির দায়িত্ব এবং সরকারের সচিবের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি সরকার বিরোধী জনতার মঞ্চে যোগ দেওয়ার অপরাধে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বর্তমানে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি তার পৈতৃক সম্পত্তি উম্মে ওয়াদিয়া ট্রাস্টে দান করে এলাকায় মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মো. এনামুল কবির আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতির জনকের একনিষ্ঠ সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।
ত্রিশালে নৌকার মাঝি হতে চান সাবেক ব্যাংকার এবং যুবলীগ নেতা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে নৌকার মাঝি হতে চান বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম হাবিবুর রহমান খান। এ লক্ষ্যে তিনি ত্রিশাল পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে গত দুই বছর ধরে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে আসছেন। মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে আসছেন অনুদান। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্লিন ইমেজ প্রার্থী হিসেবে জননেত্রী আমাকেই মনোনয়ন দিবে বলে আমি আশাবাদী। অপর দিকে, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শাহীন পারভেজ লিটন দক্ষিণ ত্রিশাল নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচার করছেন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। এ প্রসঙ্গে তিনি বলেন তরুণ ভোটাররা আমাকেই পছন্দ করেন। তাই প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদী।
ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী
তরুণ বিএনপি নেতা নাসিমুল গণি সোহেল
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুণ বিএনপি নেতা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিমুল গণি সোহেল। এই আসনে বিএনপির আরো ১০ জন মনোনয়ন প্রত্যাশী দলের মনোনয়ন ফরম জমা দিলেও সোহেল অনেকটা শক্ত অবস্থানে রয়েছেন। মনোনয়ন পেতে সোহেল মাঠে নিরলসভাবে কাজ করে চলেছেন। মনোনয়ন প্রত্যাশী সোহেল জানান, তিনি দীর্ঘদিন যাবত্ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পর বর্তমান কমিটিতে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। নিয়মিত বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন ও গণসংযোগ করে চলেছেন। চাচা অ্যাডভোকেট নজমুল হুদা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সভাপতি ও তিনবারের জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনিও মনে করেন চাচার আদর্শ অনুসরণ করে গৌরীপুরের উন্নয়নের জন্য নির্বাচন করা প্রয়োজন। তাই বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।
কাহারোলে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় কৃষকদের কৃষি প্রণোদনায় কাহারোল উপজেলায় সরকারিভাবে কৃষকদের মাঝে বিনামূল্যে মৌসুমি বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার কাহারোল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রায় ২ হাজার ১৯০ জন কৃষকের মাঝে বোরো ধানের বীজ, ভুট্টা, সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নুর হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তারেক হোসেন ও মত্স্য কর্মকর্তা আবু জাফর মো. সায়েম প্রমুখ।
ভূঞাপুরে অ্যাকটিভ সিটিজেন
ইয়ূথ লিডারশিপ প্রশিক্ষণ
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুরে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এবং দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগিতায় চারদিনব্যাপী অ্যাটিভ সিটিজেন ইয়ূথ লিডারশিপ প্রশিক্ষণ গতকাল রবিবার শেষ হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার পৌর এলাকার মজিদ মেনশন ভিলায় এই প্রশিক্ষণ শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন কলেজের ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভূঞাপুর পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম ও খন্দকার শরিফুল আলম সোহেল, দি হাঙ্গার প্রজেক্টের টাঙ্গাইলের সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন, প্রশিক্ষক মাহফুজুল হক তিতাস, ইত্তেফাকের সংবাদদাতা অভিজিত্ ঘোষ প্রমুখ।
পীরগঞ্জে ২ দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা গতকাল রবিবার দুপুরে পীরগঞ্জে ২ দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। সহকারী কর কমিশনার মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ইয়াসিন আলী এমপি, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেজওয়ানুল হক বিপ্লব, জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ফজলুল হক, সহ-সম্পাদক অ্যাড.মহোসীন আলী ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম, ব্যবসায়ী হাবিবুর রহমান নান্নু ও সুলতান আলমগীর, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, কর পরিদর্শক পবিত্র কুমার মজুন্দার প্রমুখ।
কাঠালিয়ায় নির্বাচন সহিংসতা রোধে পিপিজির সমন্বয় সভা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় সুশাসনের জন্য নাগরিক আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় নির্বাচনে সহিংসতারোধে পিপিজির সমন্বয় সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, অধ্যক্ষ মো. আবুল বসার বাদশা, সুজনের উপজেলা সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার, সুজনের জেলা সাধারণ সম্পাদক মো. ইলিয়াস সিকদার ফরহাদ, অধ্যাপক রুস্তুম আলী খান, মো. বজলুর রশিদ খান খোকন, মো. মাহবুব হোসেন, ইসরাত জাহান রুমা, নুসরাত জাহান স্বর্ণা, মো. মোশাররফ হোসেন, মো. সাকিবুজ্জামান, মেহেদী হাসান।
সভাশেষে মো. ফারুক হোসেন খানকে কো-অর্ডিনেটর এবং নারী নেত্রী ফাতিমা খানম, আওয়ামী লীগের মো. শাখাওয়াত হোসেন অপু ও বিএনপির মো. নাসির উদ্দিনকে অ্যামবাসেটর করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ইসরাত জাহান রুমা, মো. সাকিবুজ্জামান, নুসরাত জাহান স্বর্ণা ও মেহেদী হাসান মামুনকে প্রশিক্ষক মনোনয়ন দেয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জে দিনব্যাপী মত্স্যচাষি প্রশিক্ষণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে দিনব্যাপী মত্স্যচাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) আয়োজিত উপজেলা মত্স্যবীজ উত্পাদন খামারের প্রশিক্ষণ কেন্দ্রে আশার ২০ জন উদ্যোগী সদস্য মত্স্যচাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর লাভজনক মত্স্যচাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করেন খামার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আশার রিজিওনাল ম্যানেজার মো. মহসীন খান, ব্রাঞ্চ ম্যানেজার মো. ময়েজ উদ্দিন ও সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো. অছেদুল হক খান প্রমুখ ।
সুজানগরে ইটভাটায় অভিযান
জরিমানা ও ইট ধ্বংস
সুজানগর (পাবনা) সংবাদদাতা গতকাল রবিবার সুজানগরের কামারদুলিয়া গ্রামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরো প্রায় ৬০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়। জানা যায়, কামারদুলিয়া গ্রামের কোরবান আলী মৃধা যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ওই গ্রামের কৃষি জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে ইট তৈরি করছিল। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে ইটভাটা নির্মাণ এবং ইট তৈরির অপরাধে ভাটার মালিক কোরবান আলীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে স্থানীয় দমকল বাহিনীর সহযোগিতায় ভাটায় মজুত রাখা প্রায় ৬০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়। এ সময় সুজানগর থানার এসআই মিনারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইতোপূর্বে ভ্রাম্যমাণ আদালত একই কারণে ভাটাটির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল।
দৌলতদিয়া ফেরিঘাটে
১৫ দালালের কারাদণ্ড
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১৫ জন ট্রাক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই রাতেই ১৫ দালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় ট্রাক দালাল বিরোধী বিশেষ অভিযান চালায়। এ ১৫ জন ট্রাক দালালকে আটক করা হয়। পরে ওই রাতেই তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতদের বাড়ি গোয়ালন্দের দৌলতদিয়া ইউপি, উজানচর ইউপি ও গোয়ালন্দ পৌর এলাকার বিভিন্ন মহল্লায়।
গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহর আলী বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ১৫ দালালকে রাজবাড়ীর জেলা কারাগারে পাঠানো হয়েছে।