বাড্ডার অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে শিল্পী হামিদুজ্জামান খানের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘নকটার্নাল শেডস’। প্রদর্শনীতে শিল্পীর ৯২টি চিত্রকর্মসহ মোট ১১২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। উদ্বোধনী পর্বে একইসঙ্গে শিল্পী হামিদুজ্জামান খানের ‘মডার্ন স্কাল্পচার ইন এশিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। গত শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান। উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি আন বোখদা। সভাপতিত্ব করেন অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসের চেয়ারপার্সন নীলু রওশন মুর্শেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী হামিদুজ্জামান খান।
হরবোলার আবৃত্তি সন্ধ্যা :আবৃত্তি সংগঠন হরবোলার এক দশক পূর্তি উপলক্ষে ‘জন্মজয়ন্তী’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান হয়ে গেল গতকাল। এতে আবৃত্তি করেন দেশের স্বনামধন্য দুই আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা ও মো. আহ্্কাম উল্লাহ্ এবং ভারতের আবৃত্তিশিল্পী জয়িতা ভট্টাচার্য। রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কবিতার পংক্তিমালা উচ্চারণের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীকে উদযাপন করলেন সদস্যরা।
কায়ায় জামালের প্রদর্শনী ‘কাঠকয়লার গল্প’ :কবুতরের ঝাঁক বেঁধে উড়ে যাওয়া বা খুঁটে খুঁটে খাবার খাওয়া। ঝড়ের দিনে গ্রামীণ নারীর দল বেঁধে বাড়ি ফেরা। বুড়িগঙ্গায় নৌকা পারাপার— এসবই চেনা দৃশ্য। এসব অতি সাধারণ দৃশ্যগুলোই অনন্য হয়ে ফুটে উঠেছে শিল্পী জামাল আহমেদের ক্যানভাসে। এসব ছবি নিয়েই উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে জামাল আহমেদের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ক্রনিকলস ইন চারকোল’ বা কাঠকয়লার গল্প। জামাল আহমেদ বলেন, আমি সব সময় সাধারণ মানুষের বোধগম্য ছবি আঁকার চেষ্টা করি। এ প্রদর্শনীর সব ছবিই খুব সহজভাবে মানুষের কাছে ধরা দেবে।
সম্প্রতি, এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস, হামিদুজ্জামান খান, ফরিদা জামান, মনিরুল ইসলাম, রণজিত্ দাস প্রমুখ। সঞ্চালনা করেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। প্রদর্শনীতে চারকোল ও পেস্টালে আঁকা ৬৭টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।
বিপ্লব বালা পেলেন নরেন বিশ্বাস পদক :কণ্ঠশীলন-এর প্রতিষ্ঠার অন্যতম সদস্য বিপ্লব বালা পেলেন দলটির নরেন বিশ্বাস পদক ২০১৮। গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আবৃত্তি, সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই পুরস্কার দেয় কণ্ঠশীলন। বিপ্লব বালার হাতে পদক তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। কণ্ঠশীলনের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অঞ্জলি বিশ্বাস ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।