বিল কারচুপি, অবৈধ অর্থের বিনিময়ে ইচ্ছেমত বিল প্রস্তুত ও গ্রাহক হয়রানির অভিযোগে ওয়াসার ঢাকার ফকিরাপুল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সহকারী পরিচালক মোঃ মাসুদুর রহমান ও উপ-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান চালায়। এ সময় নানা অভিযোগে তিনজন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। তারা হলেন— গোলাম রাব্বানী, শাহ মিরান ভুঁঁইয়া ও শফিকুল ইসলাম।
দুদক জানায়, সংশ্লিষ্ট গ্রাহকদের সাথে কথা বলে টিম জানতে পারে, ইন্সপেক্টর শফিকুল ইসলাম উেকাচের বিনিময়ে গ্রাহকদের বিল কমিয়ে দেয়ার অফার দেন। অপরদিকে ইন্সপেক্টর গোলাম রাব্বানীর বিরুদ্ধে মিটার না দেখেই বিল প্রস্তুত করার অভিযোগ প্রমাণিত হয়। বাড়তি অর্থ না দেয়ায় ইন্সপেক্টর শাহ মিরান ভুঁইয়া গ্রাহকদের বিল বাড়িয়ে দেবার হুমকি দেন। এছাড়া দুদক টিমের উপস্থিতিতে গ্রাহকদের অভিযোগের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমাধানের উদ্দেশ্যে তাত্ক্ষণিকভাবে একটি রেজিস্টার খোলানো হয়। অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচুর বিল বকেয়া থাকারও প্রমাণ পাওয়া গেছে। অবিলম্বে এসব বিল সমন্বয়ে ব্যবস্থা গ্রহণে ওয়াসা কর্তৃপক্ষকে তাগিদ দেয় দুদক টিম।
এ অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী মন্তব্য করেন, “মাঠ পর্যায়ে এসব দুর্নীতির কারণে জনভোগান্তি বাড়ছে। দুদক নিয়মিত নজরদারীর মাধ্যমে এসব দুর্নীতি হ্রাস করতে প্রতিজ্ঞাবদ্ধ।”