বিজ্ঞান
শিক্ষার্থীদের পাঠ্যবই ও বাস্তব জীবনের সাথে সম্পর্কিত কিছু সমস্যা-সমাধানভিত্তিক কাজ করানোর জন্যে রাজশাহীর ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিলরুবা খানম পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় ‘পরিবেশ দূষণের’ উপর দলগত কাজ প্রদান করেন। তিনি শিক্ষার্থীদেরকে ৫টি গ্রুপে বিভক্ত করে দেন। শিক্ষার্থীরা তাদের অনুধাবন থেকে ধাপে ধাপে কাজটি সম্পন্ন করে। প্রথমে তারা সমস্যাগুলো সনাক্ত করে এবং সমাধানের পথ বের করে। নিম্নে তাদের কাজের বিস্তারিত তুলে ধরা হলো।
সনাক্তকৃত সমস্যা ও সমাধানসমূহ
১. নিকট পরিবেশে সমস্যা চিহ্নিত করেছে।
২. সমস্যাটির কারণ চিহ্নিত করেছে।
৩. সমস্যাটির ফলে কী ঘটছে, তা বের করেছে।
৪. কীভাবে সমস্যাটির সমাধান করা যায় তা বের করেছে।
সমস্যা চিহ্নিত থেকে সমাধান করা পর্যন্ত শিক্ষার্থীরা যে কাজগুলো করেছে তা ধাপে ধাপে উপস্থাপন করেছে। যেমন:
গ্রুপের প্রত্যেককে উপস্থাপন করতে হয়েছে।
কে কোন অংশ উপস্থাপন করবে তা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে।
সমস্যা:বিদ্যালয়ের পাশে একটা পুকুর আছে। পুকুরের পানির রং সবুজের মতো। এই পানি গোসল এবং রান্নার কাজেও ব্যবহার করা হয়। যে কারণে পুকুর এলাকার কয়েকটা বাড়িতে প্রায় অসুখ লেগেই থাকে।
সমস্যার কারণ: পুকুরের পানিতে ময়লা আবর্জনা ফেলার কারণে, গরু গোসল করানোর জন্য পানি দূষিত হচ্ছে। পানি দূষণ সম্পর্কে এলাকাবাসীর সচেতনতার অভাব রয়েছে।
সমস্যার ফলাফল:এসব কারণে কয়েকটি বাড়ির কয়েক জনের চর্মরোগ হয়েছে এবং বেশির ভাগ মানুষ স্বাস্থ্যহীনতায় ভুগছে।
সমস্যার সমাধান :১.এলাকাবাসীদের পানি দূষণ সম্পর্কে সচেতন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। ঐসব বাড়ি বাড়িতে গিয়ে পানি দূষণের ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে বলবো এবং পানি দূষণ সম্পর্কিত ক্লাসে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেব।
২.এলাকার বড়দের সাথে কথা বলে পানি দূষণের কারণ ও ফলাফল সম্পর্কে লিখে ৩/৪টি বোর্ড তৈরি করে গ্রামের দর্শনীয় বা গুরুত্বপূর্ণ স্থানে টানিয়ে দেয়ার ব্যবস্থা করবো সবাই মিলে।