৬৯’র ১৯ ফেব্রুয়ারি গণআন্দোলন

সেনবাগে পুলিশের গুলিতে নিহত চার শহীদকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

’৬৯ এর ১৯ ফেব্রুয়ারি গণআন্দোলনে নোয়াখালীর সেনবাগে কালো পতাকা উত্তোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত চার শহীদ ও আহতদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে। নিহত চার শহীদরা হলেন, উপজেলার অর্জুনতলা গ্রামের শহীদ অফিজের রহমান, বাবুপুর গ্রামের শহীদ আবুল কালাম আজাদ, জিরুয়া গ্রামের শহীদ সামছুল হক ও মোহাম্মদপুর গ্রামের শহীদ খুরশিদ আলম। সেই সময় নিহত চার শহীদ এবং আহতদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে সেনবাগ উপজেলায় নানা কর্মসূচি পালন করা হবে।

সে সময় গণআন্দোলনে পুলিশের গুলিতে পঙ্গুত্ববরণকারী মাস্টার নাছির উদ্দিন চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, গণআন্দোলনের সূত্র ধরে দেশে স্বাধীনতা যুদ্ধ হয়। সে যুদ্ধে দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ এতোটি বছর পার হওয়ার পর ও ’৬৯ এর ১৯ ফেব্রুয়ারি গণআন্দোলনে নোয়াখালীর সেনবাগে পুলিশের গুলিতে নিহত চার শহীদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে কোনো রকম স্বীকৃতি দেওয়া হয়নি। তাই তিনি দিনটিকে আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং সেনবাগ শহীদ দিবস ঘোষণার দাবি জানান।