টানা দুই ওয়ানডে হেরে নিউজিল্যান্ডে বাংলাদেশ দল যখন নাভিশ্বাস সময় কাটাচ্ছে, তখনই আরেকটা দুঃসংবাদের আভাস পাওয়া গেল। ইনজুরির কারণে তৃতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিম ও ইন-ফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের খেলা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে।
তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে আগামীকাল। বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটা অনুষ্ঠিত হবে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে। এ ম্যাচে মিথুনের একাদশে না থাকাটা একরকম নিশ্চিতই বলা যায়। ব্যাটিং ব্যর্থতার দুই ওয়ানডেতে একমাত্র মিথুনই ছিলেন ব্যতিক্রম। টানা দুই ম্যাচে পেয়েছেন হাফসেঞ্চুরি। দ্বিতীয় ওয়ানডেতেই হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন তিনি। আজ স্ক্যান করা হবে। তবে, বর্তমানে বিশ্রামে থাকা মিথুনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
অন্যদিকে মুশফিকের পুরনো পাঁজরের ব্যথাটা ফিরেছে প্রস্তুতি ম্যাচ থেকেই। সেই ব্যথা নিয়েই খেলেছেন প্রথম দুই ওয়ানডে। তবে, এবার ব্যথাটা আরও বেড়েছে। তারও আজ স্ক্যান করা হবে। সেখান থেকে ফলাফল আসার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
আঙুলের ইনজুরির কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। এবার এর সঙ্গে মুশফিক ও মিঠুনের ইনজুরি আরও শক্তি কমিয়ে দিল বাংলাদেশের। এ অবস্থায় ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মুমিনুল হককে। মুশফিক আগামীকাল খেলতে না পারলে, তার জায়গায় ওয়ানডেতে আরেকটি সুযোগ পেতে পারেন মুমিনুল।
টেস্ট দলের অংশ হওয়ায় মুমিনুল এ মুহূর্তে আছেন নিউজিল্যান্ডেই। ক্রাইস্টচার্চে আলাদা করে চলছিল টেস্ট দলের অনুশীলন। সেখানে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের সঙ্গে মুুমিনুল ছাড়াও অনুশীলন করছিলেন টেস্ট দলে থাকা পেসার আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, ওপেনার সাদমান ইসলাম ও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ওয়ানডে দলের ডাকে সেখান থেকে ডানেডিনে চলে এসেছেন মুমিনুল।
মিথুন একাদশে না থাকলে হয়ত আগামীকাল একটা সুযোগ পেতে পারেন পেসার রুবেল হোসেন। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং গভীরতা কমলেও বাড়বে পেস বিভাগের শক্তিমত্তা। তবে, একাদশ নিয়ে আগাম কোনো খোলাসা করলেন না দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।
সাবেক এ অধিনায়ক বলেন, ‘পুরো দল অনুশীলনে ব্যস্ত। আজ (গতকাল) ব্যাটিং নিয়ে বেশি কাজ করেছি আমরা। মুশফিক-মিঠুনের ইনজুরিজনিত সমস্যা আছে। আগামীকাল (আজ) ওদের স্ক্যান করা হবে। সেটা দেখে একাদশের ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা।’
শেষ ওয়ানডের ভেন্যু ডানেডিনে বাংলাদেশ আগেও ৫০ ওভারের ক্রিকেট খেলেছে। যদিও, সেটা নয় বছর আগে। নয় বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি ছিল এই ভেন্যুর অভিষেক ম্যাচ। সেবার সাকিব আল হাসানের দল হেরেছিল পাঁচ উইকেটে। একই বছর এই ভেন্যুতে টেস্টও খেলে বাংলাদেশ। মাত্র তিন দিনেই শেষ হয়ে যাওয়া ম্যাচটিতে বাংলাদেশ হারে নয় উইকেটে। এবার কি বাংলাদেশের ডানেডিন ভাগ্য পাল্টাবে? উত্তর জানার জন্য সময়ের অপেক্ষা করার কোনো বিকল্প নেই।