শিরোপা প্রত্যাশী বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে লিওঁর মুখোমুখি হতে যাচ্ছে। ফরাসি লিগের তৃতীয় স্থানে থাকা প্রতিপক্ষের মুখোমুখি হবার আগে বেশ সতর্কতা অবলম্বন করছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রতিযোগিতার অন্য ম্যাচে লিভারপুলের আতিথ্য গ্রহণের আগে বায়ার্ন মিউনিখ লড়াইটিতে ফেভারিট মানছে কোচ ইয়ুর্গেন ক্লপের দলকেই।
শেষ ষোলোয় লিওঁর মুখোমুখি হবার আগে বার্সেলোনাকে লড়াই করতে হচ্ছে নিজেদের সাম্প্রতিক ফর্ম আর চোটের সঙ্গে। ফরাসি দলগুলোর মুখোমুখি ইতিহাসও কথা বলছে বার্সার বিপক্ষেই। শেষ ১০ বছরে ফ্রান্সে পাঁচবার খেলতে এসে জয় নিয়ে ফিরতে পেরেছে মাত্র একবার। শেষবার তো পিএসজির কাছে হেরে গিয়েছিল ৪-০ গোলেই! এবার তেমন কিছুর পুনরাবৃত্তি নিশ্চিতভাবেই চাইবে না কোচ আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
সাম্প্রতিক সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচের তিনটিতেই ড্র করা কাতালানরা শেষ ম্যাচে রিয়াল ভায়াদোয়িদের বিপক্ষে সে বৃত্ত ভাঙলেও খুব অনায়াসে আসেনি সেটি। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে লিওনেল মেসি দলের ত্রাতারূপে আবির্ভূত হলেও পরে একটি পেনাল্টিতে লক্ষ্যভেদে ব্যর্থও হয়েছেন। সমষ্টিগত পারফর্মেন্সে অখুশি দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় জেরার্ড পিকে দলকে সতর্ক করেছিলেন লিগ ম্যাচটির পরেই।
এবার দলটির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের কণ্ঠেও প্রতিফলিত হলো একই সুর। স্বদেশী দলটিকে বেশ সমীহের চোখেই দেখছেন তিনি। দেম্বেলের ভাষায়, ‘তারা এমন একটি দল যাদের দারুণ কিছু খেলোয়াড় আছে এবং সেখানে জেতাটা বেশ কঠিন। তারা দারুণ খেলছে এ মৌসুমে, পিএসজি-সিটির বিপক্ষে জয়লাভ করেছে। তাদের বিপক্ষে আমাদের বেশ মনোযোগী থাকতে হবে এবং ম্যাচটা সহজ হবে এমনটা মোটেও মনে করা চলবে না!’
এ দিকে প্রতিযোগিতার অন্য ম্যাচে লিভারপুল নিজেদের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। তবে ম্যাচটিতে নামার আগে স্বাগতিকদেরই এগিয়ে রাখছে বায়ার্ন। দলটির রাইটব্যাক জশুয়া কিমিখ দলের এ মৌসুমে দলের ছন্দহীনতাকে তুলে ধরে জানালেন লিভারপুলই এ লড়াইয়ের ফেভারিট। জার্মান এ রাইটব্যাক টেলিগ্রাফকে জানান, ‘লিভারপুলই ফেভারটি। তারা পুরো মৌসুমে মাত্র একটি ম্যাচ হেরেছে এবং মাত্র ১৫ গোল হজম করেছে। কিন্তু আমাদের দিকে দেখলে আপনি দেখবেন আমরা আর আগের মতো ধারাবাহিক নই।’
প্রতিপক্ষে দারুণ প্রতিভাবান খেলোয়াড় থাকলেও বায়ার্ন ডিফেন্ডারের বিশ্বাস কোচ ক্লপই তাদের সাফল্যের নিউক্লিয়াস। তিনি বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে তিনি যে আবেগটা দেখান তা অসাধারণ। আপনি দেখবেন তিনি তার খেলোয়াড়দের অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য দারুণ চেষ্টা করেন। দলের প্রত্যেকটা খেলোয়াড় এ কোচের অধীনে আরও ভালো খেলছে।’
লিভারপুল কোচ ক্লপও বেশ সমীহের দৃষ্টিতেই দেখছেন প্রতিপক্ষকে। তিনি বলেন, ‘তারা টানা ছয়বারের জার্মান চ্যাম্পিয়ন; যা মোটেও সহজ নয়। আর তারা এমন একটি দল যারা শেষ ১০ বছরে প্রায়ই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলেছে। তাদের প্রতিটি বিভাগেই গুণসম্পন্ন ফুটবলার আছে এবং সেটা মেনে নিতে হবে আমাদের।’
তবে এ লড়াইয়ে নিজেদের পরিষ্কার ফেভারিট মানছেন না ক্লপ। তিনি বলেন, ‘ভালো ব্যাপারটা হচ্ছে আমরাও তাদের মতোই ভালো দল এবং সেটা আমরা জানি। কিন্তু নিজেদের ফেভারিট বা অন্য কিছু ভেবে মাঠে নামবো না আমরা।’