মির্জা আব্বাস ও তার স্ত্রীর আট সপ্তাহের জামিন

ইত্তেফাক রিপোর্ট

নয়া পল্টনে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে করা তিন মমলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে আট সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার তাদের জামিন মঞ্জুরের আদেশ দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের মধ্যে গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন পল্টন থানায় মির্জা আব্বাস ও তার স্ত্রীসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। গতকাল ওই তিন মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান তারা। জামিন আবেদনের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ও এম মাহবুবউদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট আব্বাস দম্পতির জামিন মঞ্জুর করে।