উপজেলা পরিষদ নির্বাচন

ফুলবাড়িতে তিন চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে হিসাব-নিকাশ

ফুলবাড়ি উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী না থাকলেও চেয়ারম্যান পদে মহাজোট ঘরানার তিনজন প্রার্থীকেই নিয়ে শুরু হয়েছে নির্বাচনী হিসাব-নিকাশ। দ্বিতীয় দফায় আগামী ১৮ মার্চ ফুলবাড়ি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই চেয়ারম্যান পদের প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। অন্য কোনো প্রতিশ্রুতি না দিলেও চেয়ারম্যান প্রার্থীরা এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।

এবারের উপজেলা পরিষদের নির্বাচনে যে তিনজন চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন তারা হলেন— আওয়ামী লীগের নৌকার মাঝি সাবেক ছাত্রলীগ নেতা, ফুলবাড়ি সরকারি কলেজের সাবেক জিএস, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান মিল্টন। তাকে জয়ী করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। অপর প্রার্থী ব্যবসায়ী সুদর্শন পালিত। তিনি ২০০৮ সালের আওয়ামী লীগ সরকারের সময়ের প্রথম উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নিয়ে জাতীয় গণফ্রন্ট প্রার্থী আমিনুল ইসলাম বাবলুর কাছে পরাজিত হন। দ্বিতীয়বার নির্বাচনে দল থেকে তিনি মনোনয়ন না পেয়ে নিশ্চুপ থাকলেও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন তিনি। একইভাবে ভোটযুদ্ধে নেমেছেন ফুলবাড়ি খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে তিনজন ভোটযুদ্ধে নেমেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে উপজেলার এলুয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জু রায় চৌধুরী, দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ মোকলেছার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন দিনাজপুর জেলা শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবু মুসা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর কমিশনার নিরু সামছুন্নাহার প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দলীয় মনোনয়ন না পেয়ে মহিলা আওয়ামী লীগের আরেক নেত্রী দৌলতপুর ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জব্বার মন্ডলের স্ত্রী হাজেরা বেওয়া মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অপরদিকে বিএনপি নির্বাচন না করলেও বর্তমান বিএনপি’র প্রার্থী হয়ে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন।