মংলা পৌর কাউন্সিলরের দুই ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা

মংলায় একটি আবাসিক হোটেল থেকে অস্ত্র ও মাদকসহ আটক পাঁচজনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়েছে। শুক্রবার গভীর রাতে ওই হোটেল হতে আটকের পর রবিবার রাতে মংলা থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বাগেরহাট ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন।  মংলা থানার এসআই মোঃ আকরাম হোসেন জানান, বাগেরহাট জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানের মালিকানাধীন শহরের হাবিব ইন্টারন্যাশনাল হোটেলে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, দেড়শ’ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের ওই রাতেই জেলা ডিবি কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার রাতে ডিবির পক্ষ থেকে মংলা থানায় পৃথক দুটি মামলা করা হয়। অস্ত্র মামলায় আসামি করা হয়েছে মংলার হাবিব ইন্টারন্যাশনাল হোটেলের মালিকের ছেলে সাদ্দাম হোসেন ও খুলনার রূপসা উপজেলার রামনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে নোমান আহমেদ জনিকে। এছাড়া অপর মাদক মামলায় আসামিরা হলেন: সাদ্দাম, তারিকুল ইসলাম, জনি, জিল্লুর রহমান ও অনিক সিনহা।

হোটেল মালিক হাবিবের এক ছেলে সাদ্দাম অস্ত্র ও মাদক দুই মামলারই আসামি। আরেক ছেলে তারিকুল শুধু মাদক মামলার আসামি।