লোহাগড়ায় দন্ত চিকিত্সার নামে প্রতারণা করার দায়ে শহিদুল ইসলাম ইয়াদ নামে একজন ভুয়া ডাক্তারকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, লোহাগড়া বাজারের ফয়েজ মোড়ের স্কুল রোডে সিটি ডেন্টাল নামে চেম্বার খুলে ভুয়া দন্ত চিকিত্সক শহিদুল ইসলাম ইয়াদ দীর্ঘদিন ধরে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিক রহমান অভিযান চালিয়ে মেডিক্যাল ও ডেন্টাল আইনের অধীনে ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করায় শহিদুল ইসলাম ইয়াদকে ১৫ দিনের জেল অনাদায়ে আরো এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় মজুমদার কমপ্লেক্সের অপর ভুয়া ডাক্তার লিয়াকত আলী পালিয়ে গেলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট তার চেম্বার সিলগালা করে দেন।