রাজশাহীতে চাঁদার দাবিতে অধ্যক্ষকে পিটিয়েছে সন্ত্রাসীরা

রাজশাহীর দুর্গাপুরে চাঁদার দাবিতে কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফাকে (৫৬) পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত শনিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে কলেজের দিকে ফেরার পথে ফাঁকা রাস্তার মধ্যে পেটানো হয় তাঁকে। ঘটনার পর পথচারীরা গুরুতর আহত অধ্যক্ষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে মোবাইল ফোনে জানানো হয়েছে বলে জানান কলেজ অধ্যক্ষ গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা জানান, কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের গত বছরের ১০ জুলাই অবসরে যান। এরপর কলেজ গভর্নিং বডি তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন। এরপর থেকেই চৌপুকুরিয়া তেনানিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মতিউর রহমান মন্টু তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। মন্টুকে চাঁদা না দিলে প্রায় ৫/৬ মাস আগে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেন। তিনি বলেন, শনিবার বিকালে উপজেলা সদর থেকে মোটরসাইকেল যোগে কলেজে ফেরার পথে নান্দোপাড়া-কাঁঠালবাড়িয়া রাস্তার মাঝে ফাঁকা জায়গায় আগে থেকে ওত পেতে থাকা মতিউর রহমান মন্টু ও তার ৪/৫ জন সহযোগী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। হেলমেট থাকায় মাথায় গুরুতর আঘাত না পেলেও দুই হাত এবং দুই পায়ে গুরুতর জখম হন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলেও জানান তিনি। দুর্গাপুর থানার ওসি আব্দুল মোতালেব বলেন, বিষয়টি শুনে খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।