ভারতে লোকসভা নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার আগেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন কীর্তি আজাদ। সোমবার সকালে ২৪ আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তরে এসে কংগ্রেসে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি থেকে সাসপেন্ড হওয়া ওই নেতা। এ দিন দলে তাকে স্বাগত জানান রাহুল গান্ধী। পরে নিজেই টুইটারে সে কথা ঘোষণা করেন কীর্তি। খবর আনন্দবাজার পত্রিকার
কংগ্রেসে যোগ দেওয়ার পর রাহুল গান্ধীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে টুইটারে কীর্তি আজাদ লেখেন, ‘‘আজ সকালে রাহুল গান্ধীর উপস্থিতিতে আমি কংগ্রেসে যোগ দিয়েছি। মিথিলার ঐতিহ্য মেনে গলায় মালা পরিয়ে, চাদর দিয়ে ওঁকে সম্মান জানাই আমি।’’ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাগবত ঝা আজাদের ছেলে কীর্তি আজাদ। তবে শুরুতে রাজনীতিতে আগ্রহ ছিল না তার। বরং পেশা হিসাবে বেছে নেন ক্রিকেটকে। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশও ছিলেন তিনি। পরে রাজনীতিতে প্রবেশ করেন। তবে বাবার মতো কংগ্রেসের হয়ে নয় বরং বিজেপির হয়ে প্রথমে দিল্লির গোল মার্কেটের বিধায়ক নির্বাচিত হন। পরে ২০১৪ সালে বিজেপির হয়েই বিহারের দ্বারভাঙ্গা থেকে লোকসভায় নির্বাচিত হন তিনি।
কিন্তু শুরু থেকেই বিভিন্ন বিষয়ে মোদী সরকারের সঙ্গে মতবিরোধ শুরু হয় তার। ২০১৫ সালে অরুণ জেটলির বিরুদ্ধে মুখ খোলেন তিনি। মোদী সরকারের মন্ত্রিসভায় পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার আগে, দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ছিলেন অরুণ জেটলি। সেইসময় ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ তোলেন কীর্তি। যার পর দল বিরোধী কাজের অভিযোগে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর তাকে সাসপেন্ড করে বিজেপি। সেই থেকেই তার কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল।