গাজায় সংঘর্ষে ১৯ ফিলিস্তিনি আহত

গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে রবিবার এক সংঘর্ষে ১৯ ফিলিস্তিনি ও এক ইসরাইলি সৈন্য আহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি হাসপাতাল সূত্র একথা জানায়।

টুইটারে দেওয়া এক বার্তায় সেনাবাহিনী জানায়, ইসরাইলের সীমান্ত বেড়ার কাছে সংঘর্ষ চলাকালে এক বিস্ফোরণে আইডিএফ সৈন্য আহত হয়। ওই বিস্ফোরণের জবাবে গাজায় হামাসের সামরিক অবস্থান লক্ষ্য করে ইসরাইলি বাহিনী ট্যাঙ্ক হামলা চালায়। গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংঘর্ষের সময় ইসরাইলি হামলায় ১৯ ফিলিস্তিনি আহত হয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনিরা ইসরাইলি সীমানার ভেতরে তাদের বাড়িঘর ফেরত পাবার জন্য দাবি করে আসছে। আর এ কারণে তারা প্রতিনিয়ত বিক্ষোভ করে যাচ্ছে। ফিলিস্তিনিরা মনে করছে, এই বিক্ষোভ হচ্ছে তাদের এক অব্যাহত আন্দোলনের সূচনা- যার মূল কথা হলো: যেসব শহর ও গ্রাম এখন ইসরাইলের সীমানার মধ্যে আছে, সেই জায়গাগুলোর পুরোনো বাসিন্দা ফিলিস্তিনি শরণার্থীদের সেখানে ফিরতে দিতে হবে।