চলতি মাসেই দ্বিতীয়বারের মতো কার্ল মার্ক্সের সমাধিস্তম্ভ বিকৃত ও ভাঙচুরের চেষ্টা করা হলো। উত্তর লন্ডনে শায়িত এই বিপ্লবী রাজনৈতিক দার্শনিকের স্মৃতিস্তম্ভ এবার লাল রঙ দিয়ে বিকৃত করার চেষ্টা করা হয়েছে।
হাইগেট সিমেটারি কর্তৃক টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, মার্বেল পাথরের সমাধি ফলকটিতে লাল রঙে বিভিন্ন বিরোধিতাপূর্ণ স্লোগান লেখা রয়েছে। সিমেটারির পক্ষ থেকে এ কাজকে ‘অবিবেচক, নির্বোধসুলভ এবং অজ্ঞতাপ্রসূত’ হিসেবে অভিহিত করা হয়েছে। সিমেটারি কর্তৃপক্ষ বলেন, ‘মার্ক্সের উত্তরাধিকার কী তা নির্ধারণে এ ধরনের কাজ গ্রহণযোগ্য নয়।’
চলতি মাসের শুরুতে মার্ক্স, তার স্ত্রী ও নাতির প্রতি উত্সর্গীকৃত এপিটাফ হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা। অতীতেও মার্ক্সের সমাধিসৌধ বিকৃতির চেষ্টা চালানো হয়। এমনকী ১৯৭০ সালে স্মৃতিস্তম্ভটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল।
দাস ক্যাপিটাল ও কমিউনিস্ট ম্যানিফেস্টোসহ বহু যুগান্তকারী বইয়ের লেখক জার্মান সমাজতান্ত্রিক বিপ্লবী মার্ক্স ১৮৪৯ থেকে মৃত্যুর আগ পর্যন্ত (১৮৮৩ সাল) লন্ডনেই বসবাস করছেন। মার্ক্সের মৃত্যুর ৩৪ বছর পর তার তত্ত্ব অনুসরণ করে অক্টোবর বিপ্লবের মাধ্যমে ১৯১৭ সালে রাশিয়ায় বলশেভিকরা ক্ষমতায় এসেছিল।