প্রকল্প শেষেও চলে গাড়ি

অবৈধভাবে সরকারি গাড়ি ব্যবহার বন্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চালানো অভিযানের ভয়ে এবার প্রাণিসমপদ অধিদপ্তরের এক কর্মকর্তা কর্তৃপক্ষের মাধ্যমে একটি প্রাডো জিপ দুদকে জমা দিয়েছেন। ওই কর্মকর্তা হলেন, প্রাণিসমপদ অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ মাহবুবুল হক। প্রকল্পের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও গত ৮ মাস যাবত্ তিনি প্রকল্প পরিচালকের সরকারি গাড়ি ব্যবহার করছিলেন।

দুদক সূত্র জানায়, দুদক অভিযোগ কেন্দ্রে আগত একটি অভিযোগের ভিত্তিতে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে গতকাল প্রাণিসমপদ অধিদপ্তর দুপুর ১২টার দিকে সাদা রং-এর প্রাডো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৩৫৫৮) দুদক প্রধান কার্যালয়ের সামনে উপস্থাপন করে। দুদকের কাছে উক্ত গাড়ির চালকের উপস্থাপিত তথ্যে জানা যায়, ২০১৮ সালের জুন মাসে “হাঁস প্রজনন প্রকল্প” নামক প্রকল্পের মেয়াদ শেষ হয়। অথচ উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ মাহবুবুল হক গত ৮ মাস যাবত্ অবৈধভাবে গাড়িটি ব্যবহার করে আসছিলেন। গাড়িচালকের বেতন ও ওভারটাইম বাবদ মাসে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। প্রাথমিক তথ্যাবলি সংগ্রহের পর গাড়িটি অধিদপ্তর কর্তৃপক্ষের নিকট ফেরত্ প্রদান করা হয়। এ প্রসঙ্গে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “রাষ্ট্রীয় সমপদের এ অবৈধ ব্যবহার ক্ষমতার অপব্যবহারের শামিল, যা প্রাতিষ্ঠানিক সুশাসন এর পরিপন্থী। দুদক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।”