‘ঢাবিতে চাই ডিজিটাল লাইব্রেরি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান লাইব্রেরিকে আধুনিক, যুগোপযোগী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থীর চাহিদা পূরণে সক্ষম ডিজিটাল লাইব্রেরি হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার কয়েকশ নেতাকর্মী এ মানববন্ধনে অংশগ্রহণ করে। মো. রেজাওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমাদের যে মেধার বিকাশ ঘটবে, সেই মেধার বিকাশের জন্য পড়াশোনার যে পরিবেশ দরকার তা আমরা প্রথম বর্ষ থেকে পাচ্ছি না। আমাদের সকাল বেলা ঘুম থেকে উঠে লাইব্রেরিতে পড়ার জন্য লাইন ধরতে হয়। তাই প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর জন্য কেন্দ্রীয় লাইব্রেরি, হলের রিডিং রুমের সিট বৃদ্ধি করার আহ্বান করছি।