সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তির সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল শরিক বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল। গতকাল সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি বলেন, আমরা সংবিধান লঙ্ঘন করছি কিনা? ভবিষ্যতে কেউ না কেউ এই প্রশ্ন তুলতে পারে। সংবিধানের ২৫ অনুচ্ছেদে বলা আছে-জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া পৃথিবীর আর কোনো সামরিক কনটেন্টে আমরা যুক্ত হব না। প্রধানমন্ত্রী বলেছেন মুসলিম উম্মাহর কথা বিবেচনা করে পবিত্র মক্কা-মদীনার নিরাপত্তায় এই চুক্তি। সৌদি আরব বছরে আমাদের ৫০০ কোটি টাকা দেবে, শুধু এই কয়টা টাকার লোভে আমাদের এই ধরনের কনটেন্টে যুক্ত হওয়া কতটা যৌক্তিক? বাংলাদেশের নিজস্ব স্বতন্ত্র অবস্থান বজায় রাখা উচিত। সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াদি ও পররাষ্ট্রনীতি নিয়ে সংসদে আলোচনার দাবি জানান তিনি। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে এব্যাপারে নোটিস দেওয়ার কথা বলেন।
পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিলে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বাদলকে উদ্দেশ করে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য আপনি কি বসে বলবেন?’ জবাবে বাদল বলেন, ‘প্রধানমন্ত্রী তো আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে বলেছেন। সেজন্য নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি।’ পরে দাঁড়িয়েই বক্তব্য রাখেন বাদল।
একটি বিল উত্থাপন
চিটাগং হিল ট্র্যাক্টস (ল্যান্ড অ্যাকুইজিশন) রেগুলেশন, ১৯৫৮-এর অধিকতর সংশোধনকল্পে ‘চিটাগং হিল ট্র্যাক্টস (ল্যান্ড অ্যাকুইজিশন) রেগুলেশন (সংশোধন) অ্যাক্ট, ২০১৯’ গতকাল সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পরীক্ষা করে ৬ দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য বিলটি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।