১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেন শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। গতকাল সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা স্মরণ কমিটির আয়োজনে অস্থায়ীভাবে তৈরি শহীদ ড. শামসুজ্জোহা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কালে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এসময় শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অস্থায়ীভাবে তৈরি শহীদ ড. শামসুজ্জোহা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এদিকে, গত রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ড. জোহা দিবস (শিক্ষক দিবস) পালিত হয়েছে। সকাল ১০টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে রসায়ন বিভাগ আয়েজিত ‘চরিতার্থ এক বিজ্ঞান জীবন : নির্মিতি ও সমকালের ভাবনা’ শীর্ষক জোহা স্মারক বক্তৃতা উপস্থাপন করেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রফেসর শ্যামল চক্রবর্তী। রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর বেলায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। এতে রুয়েটের উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম শেখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভাষা আন্দোলনের প্রেক্ষিতে ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা তত্কালীন পুলিশের হাতে নির্মমভাবে শহীদ হন।