একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১২টি মামলায় আত্মসমর্পণের পর বিএনপি’র ৫৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের হওয়া ১২টি মামলায় বিএনপি নেতা-কর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের আদেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
কারাগারে যাওয়া ৫৩ জনের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলী আব্বাসসহ বেশ কয়েকজন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আছেন বলেও জানা গেছে।