ঢাকার বেশিরভাগ এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। গ্যাস সিস্টেমের ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ, ত্রুটি মেরামত এবং মেট্রোরেলের কাজের জন্য এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

গতকাল সোমবার রাজধানীতে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক  সম্মেলনে এ তথ্য জানানো হয়?

সংবাদ সম্মেলনে বক্তব্যে তিতাসের পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান বলেন, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য কিছু সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে জনজীবনের স্বাভাবিক গতি কিছুটা হলেও ব্যাহত হতে পারে। গ্যাস সরবরাহ বন্ধের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস দুঃখ প্রকাশ করছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ সংযোগ শনাক্তের কাজ চলছে। শিগগিরই এলাকাভিত্তিক চিরুনি অভিযান চালানো হবে। গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য শাহবাগ মোড় এলাকায় তিতাস গ্যাস বর্তমানে যে ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন আছে তা সরিয়ে নতুন করে পাইপলাইন স্থাপন করা হয়েছে। যার দুই প্রান্ত বিদ্যমান লাইনের সঙ্গে সংযোগ দেয়া বা টাই ইন করা প্রয়োজন।  এ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন। এই পাইপলাইন সারা ঢাকা শহরে প্রধান লাইন হিসেবে বিস্তৃত থাকায় মিরপুর,  শ্যামলী,  আগারগাঁও, মোহম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিনরোড, পুরান ঢাকার পুরো এলাকা, মিন্টু রোড, বঙ্গভবন,গণভবন, জাতীয় সংসদ ভবনসহ আশেপাশের এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল, কমলাপুর, মনিপুরী পাড়া, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, তেজগাঁও, বাসাবোসহ আশেপাশের এলাকায় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। আবাসিক,  বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এর প্রভাবে ওই সময় এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ কম বা স্বল্প থাকতে পারে। একইসঙ্গে ধানমন্ডি, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্যাস ভালব প্রতিস্থাপন এবং খিলগাঁও এলাকায় ১২ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ বিশিষ্ট পাইপলাইন লিকেজ মেরামতের  কাজও করা হবে।