মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র হয়েছিল বলে দাবি করেছেন এফবিআই’র সাবেক ভারপ্রাপ্ত প্রধান অ্যান্ড্রিউ ম্যাকবি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন এই ষড়যন্ত্র করেছিলেন বলে ম্যাকবি দাবি করেছেন। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ম্যাকবির কথা বিশ্বাস করা যায় না। যদিও সিনেটের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম এর তদন্ত করার কথা জানিয়েছেন। খবর বিবিসি’র
সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ম্যাকবি বলেছেন, ২০১৭ সালে রোসেনস্টেইন তাকে প্রেসিডেন্ট ট্রাম্পকে সরানোর কথা বলেছিলেন। এজন্য সংবিধানের ২৫তম সংশোধনীর একটি ধারার কথাও উল্লেখ করেছিলেন রোসেনস্টেইন। রোসেনস্টেইন খুবই গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়েছিলেন। ম্যাকবি আরো জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে রুশ প্রেসিডেন্ট পুতিন তাকে বলেছেন, যুক্তরাষ্ট্রে ক্ষেপনাস্ত্র হামলা চালানোর ক্ষমতা উত্তর কোরিয়ার নেই। কিন্তু এফবিআই সেই রিপোর্টের সঙ্গে দ্বিমত পোষণ করলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমি এটাকে পাত্তা দিই না, পুতিনের কথায় বিশ্বাস করি। হোয়াইট হাউস বলেছে, ম্যাকবির কথায় বিশ্বাস করা যায় না। কারণ তার বিরুদ্ধে সরকারি তদন্ত কমিটির কাছে মিথ্যা বলার অভিযোগ আছে। ম্যাকবির সাক্ষাত্কারের পর প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সকালে কয়েকটি টুইট করেন। তিনি বলেন, ম্যাকবি এর আগে অনেক মিথ্যা বলেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, তার বিরুদ্ধে অবৈধ অভ্যুত্থানের ষড়যন্ত্র হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, এই ষড়যন্ত্রের বিষয়ে তদন্ত করা হবে।