মর্যাদাপূর্ণ প্রেস কাউন্সিল পদক পেয়েছে দৈনিক ইত্তেফাক। গতকাল সোমবার এক অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে ইত্তেফাককে এ পদক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি আবদুল হামিদ দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনের হাতে এ পদক তুলে দেন।
অনুষ্ঠানে সাংবাদিক গোলাম সারওয়ারকে আজীবন সম্মাননা (মরণোত্তর) দেওয়া হয়। আঞ্চলিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে চট্টগ্রামের দৈনিক আজাদী, গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তবার্তার সহকারী সম্পাদক মো. মুরশিদ আলম, উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে ফিনানশিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি মো. জসীম উদ্দিন, নারী সাংবাদিকতা ক্যাটাগরিতে মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার বার্তা সম্পাদক আয়শা সিদ্দিকা (আকাশী), আলোকচিত্র সাংবাদিকতা ক্যাটাগরিতে নিউ এইজের ফটোসাংবাদিক সনি রামানীকে প্রেস কাউন্সিল পদক দেওয়া হয়।
গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস কাউন্সিলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রেস কাউন্সিল দিবস ও প্রেস কাউন্সিল সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দেশের বড় বড় ব্যবসায়ী গ্রুপ এখন অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক। এটা নিঃসন্দেহে গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বেসরকারি খাতের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। তবে একইসাথে এটাও মনে রাখতে হবে, এসব গণমাধ্যম যাতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহূত না হয়। তিনি বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে যাতে এসব প্রতিষ্ঠান কাজ করে, তাও নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রেস কাউন্সিলকে ‘ওয়াচডগ’ এর ভূমিকা পালন করতে হবে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, তথ্য সচিব আবদুল মালেক, প্রেস কাউন্সিলের সদস্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
গতকাল রাজধানীর একটি হোটেলে দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনের হাতে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ —পিআইডি