ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে জাপানে রাজধানী টোকিওর একটি পাতাল রেললাইনে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৭ জন মারাত্মক আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ট্রেনের জানালা দিয়ে আগুনের ধোঁয়া বেরিয়ে আসছে। জরুরি বার্তা দিয়ে ট্রেন থামানোর পর যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নামার চ এষ্টা করছে। জরুরি নির্গমনের দরজা দিয়ে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অনেকে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে।
রয়টার্স জানায়, জাপানের স্থানীয় সময় রবিবার রাত ৮টার দিকে টোকিওর পশ্চিম দিকে শহরতলি স্টেশন কোকোরিওতে এ ঘটনা ঘটে।
টোকিও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তিনি হ্যালোউইনের পোশাক পরা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত ও ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, সন্দেহভাজন সেই তরুণ বেগুনি ও সবুজ রঙা এক পোশাক পরিহিত ছিলেন যাকে দেখতে অনেকটা ‘ব্যাটম্যান’ কমিক সিরিজের কৌতুক চরিত্রের মতোই দেখাচ্ছিলো।
এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আমি তো ভেবেছিলাম সে হ্যালোউইন উপলক্ষে নানা কসরত দেখাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর আমি দেখলাম সে একটি লম্বা ছোঁড়া হাতে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে।’