ব্রিটেনের হাউস অব কমন্সের ইতিহাসে প্রথমবারের মতো প্রক্সি ভোট দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। সমপ্রতি যুক্তরাজ্যে মাতৃকালীন এবং পিতৃকালীন ছুটিতে থাকা এমপিদের জন্য প্রক্সি ভোট চালু হয়। নিজের দাবির প্রেক্ষিতেই আইনটি তৈরি হওয়ার পর এর প্রথম প্রয়োগ ঘটান টিউলিপ। প্রথমে প্রক্সিভোট দেয়ার জন্য পছন্দের ব্যক্তি নির্বাচিত করেন তিনি। পরে তার হয়ে একই দলের এমপি ভিকি ফক্সক্রফট ভোট দেন। হাউস অব কমন্সে পরীক্ষামূলকভাবে এক বছরেরর জন্য প্রক্সি ভোট কার্যকর করা হচ্ছে। হাউস নেতা কনজারভেটিভ পার্টির আন্দ্রে লিডসম জানিয়েছেন, মাতৃকালীন এবং পিতৃকালীন ছুটিতে যারা থাকবেন তারা প্রক্সি ভোটের সুবিধা পাবেন।
সম্প্রতি স্কাই নিউজের সঙ্গে এ বিষয়ে এক দীর্ঘ সাক্ষাত্কার দেন টিউলিপ। তিনি বলেছেন, দেশের প্রধানমন্ত্রী নারী হবার কারণে তার সমস্যাটি বুঝতে পেরেছিলেন। তাই এত সহজে প্রক্সি ভোটের আইন তৈরি হয়েছে।
সম্প্রতি ব্রেক্সিট চুক্তির ইস্যুতে প্রধানমন্ত্রী থেরেসা মের বিরুদ্ধে ভোট দিতে সন্তান জন্মদানের তারিখ পিছিয়ে দিয়েছিলেন টিউলিপ। ভোটের সময় সন্তানসম্ভবা টিউলিপের শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। এ কারণে তিনি চেয়েছিলেন শারীরিকভাবে হাউসে উপস্থিত না থেকেও কোনো একজন প্রতিনিধির মাধ্যমে (প্রক্সি) ভোটাধিকার প্রয়োগ করতে। কিন্তু আইন না থাকায় হুইল চেয়ারে করে ভোট দিতে উপস্থিত হতে হয় তাকে। হুইল চেয়ারে করে হাউসে যাওয়া টিউলিপের এই ছবি বিশ্ব গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
স্কাই নিউজের সাক্ষাত্কারে টিউলিপ আরো বলেন, সন্তান জন্ম দেয়ার জন্য হাসপাতালে ভর্তির আগের দিন যখন তাকে এভাবে ঠেলে ঠেলে পার্লামেন্টে নেয়া হলো তখন নারী হিসেবে ভীষণ অপমানিত বোধ করেছিলেন। কিন্তু কিছুই করার ছিল না।