এমপিদের শপথের বৈধতা নিয়ে রিট খারিজ

একাদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপিদের শপথ ও পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

আদালত বলেছে, নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচিত সংসদ সদস্যদের নামের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথের বাধ্যবাধকতা রয়েছে। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের  পরই ৩ জানুয়ারি এমপিরা শপথ নেন। এই শপথ গ্রহণে সংবিধানের কোনো লংঘন হয়নি। আদালত বলেন, সংসদ সদস্যরা শপথ নিলেও একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে ৩০ জানুয়ারি। প্রথম অধিবেশনের দিন থেকেই এমপিরা তাদের কার্যভার গ্রহণ করে থাকেন। ফলে আইনের কোনো ব্যত্যয় হয়নি। এ কারণে রিট আবেদনটি খারিজ করা হলো।  ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ নেয়া ও পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ। আবেদনে বলা হয়, দশম সংসদের মেয়াদ শেষ হয়েছে ২৮ জানুয়ারি। ওই সংসদ বহাল থাকার পরেও একাদশ সংসদের নির্বাচিত এমপিদের শপথ নেয়া সংবিধানের লংঘন। এই রিটের পক্ষে আইনজীবী এম. মাহবুবউদ্দিন খোকন ও সাকিব মাহবুব এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।