নগরীর বহদ্দারহাট এমএ মান্নান ফ্লাইওভারের চান্দগাঁওমুখী র্যাম্পের ফাটল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিশেষজ্ঞ টিম। মঙ্গলবার দুপুরে তারা ফাটলের স্থান পরীক্ষা-নিরীক্ষা করেন।
চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, চুয়েটের অধ্যাপক ও সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরেজমিনে র্যাম্পটি পরিদর্শন করেছেন। আগামীকাল বুধবার তারা ফাটলের বিষয়ে প্রতিবেদন দেবেন। প্রতিবেদন অনুসারে চসিক কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিশেষজ্ঞ টিমে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রফেসর ড. আব্দুর রহমান, সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম। র্যাম্প দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর হালকা যানবাহন চলাচলের জন্য র্যাম্পপি খুলে দেওয়া হবে।