রবিবার সকালে টঙ্গীর মুদাফা এলাকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের উপর থেকে ইটের কাঁচা দেয়াল ভেঙে নিচে পড়লে ইটের আঘাতে এক নারী নিহত এবং দুজন জখম হয়েছেন। নিহত জবেদা বেগম (৪৫), স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। জবেদা গাইবান্ধা জেলা সদরের খামার গোয়ালিয়া এলাকার বাদশা মিয়ার স্ত্রী। আহতরা হলেন ওই এলাকার ইসলাম মিয়ার মেয়ে নুরজাহান (১৭) এবং তসলিম মিয়ার মেয়ে মেঘলা (১৭)। তারা সকলেই মুদাফা এলাকার আইয়ুব আলীর বাড়ির ভাড়াটে।
টঙ্গী পশ্চিম থানার এসআই আব্দুল মালেক জানান, স্থানীয় আইয়ুব আলীর নির্মাণাধীন পাঁচতলা ভবনে কাজ চলছিল। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ভবনের দেয়াল ভেঙে ইট নিচের টিনশেড ঘরের চাল ভেদ করে ঘুমিয়ে থাকা লোকজনের ওপর পড়ে। ইটের আঘাতে জবেদা ঘটনাস্থলে নিহত এবং নুরজাহান ও মেঘলা নামে অপর দুই নারী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জবেদার লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরে সিটি কাউন্সিলরের বিরুদ্ধে
এলাকাবাসির প্রতিবাদ সভা
গাজীপুর মহানগরীর কারখানা বাজার এলাকায় বস্তিতে সাইনবোর্ড লাগিয়ে সরকারি জমি দখলের পাঁয়তারার অভিযোগে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের কারখানা বাজার মাঠে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মুক্তিযোদ্ধা এ কে এম খালেকুজ্জামান। বক্তারা বলেন, বহু বছর ধরে কয়েকশ ভূমিহীন বস্তি বানিয়ে কারখানা বাজার মাঠে বসবাস করে আসছে। ওই জায়গা সরকারের অর্পিত সম্পত্তি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ বস্তি উচ্ছেদ করে জমিটি দখলের পাঁয়তারা করছেন। সাইনবোর্ড লাগানোর কথা স্বীকার করে কাউন্সিলর ফারুক আহম্মেদ জানান, ওই জমিতে শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ, হাসপাতাল ও বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে। এ ব্যাপারে মেয়রের সঙ্গে তার আলোচনা হয়েছে।