ঢাকায় আসছে দুটি জার্মান সংসদীয় প্রতিনিধিদল

চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ ঢাকায় আসছে জার্মান ফেডারেল সংসদের দুটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। একটি দলে ফেডারেল সংসদের ভাইস প্রেসিডেন্ট ক্লদিয়া রুথের সঙ্গে থাকবেন দুই সংসদ সদস্য। তারা মূলত বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানতে এবং সম্ভাব্য প্রতিকার নিয়ে আলোচনা করবেন। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিষয়ক একটি সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপও বাংলাদেশ সফর করবে। ঢাকাস্থ জার্মান দূতাবাস জানিয়েছে, ঢাকায় আলোচনা করার পাশাপাশি প্রতিনিধি দল কক্সবাজার যাবে। সেখানে উদ্বাস্তু সংকট সমাধানে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, তা ব্যাপকভাবে জানতে সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।