বাদল দম্পতির বিরুদ্ধে ১৫২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের চার্জশিট

আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক ব্যবসায়ী লুত্ফর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধে পৃথক দুই মামলায় ১৫২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা দুটির তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করে গতকাল সোমবার কমিশন এ চার্জশিট অনুমোদন করে। দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুসারে শিগগিরই সংশ্লিষ্ট বিচারিক আদালতে চার্জশিট দুটি দাখিল করা হবে বলে দুদকের উপ-পরিচালক প্রণব ভট্টাচার্য্য ইত্তেফাককে জানিয়েছেন।

২০১৭ সালের ২৯ মে দুদকের সাবেক উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে রমনা থানায় লুত্ফর রহমান বাদল এবং তার স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করেন। দুদক সূত্র জানায়, সোমা আলম রহমানের বিরুদ্ধে ৯২ কোটি ৮২ লাখ টাকার ও লুত্ফর রহমান বাদলের বিরুদ্ধে ৫৯ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।

সোমা আলম রহমান দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে মোট অর্জিত স্থাবর সম্পদের মূল্য প্রদর্শন করেছেন ২ কোটি ৫১ লাখ ৫৩ হাজার ২ শত ২২ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য প্রদর্শন করেছেন ১৩২ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৪ শত ৭৫ টাকা। এক্ষেত্রে তার ঘোষিত স্থাবর ও অস্থাবর মোট ১৩৫ কোটি ২৮ লাখ ৬ শত ৯৭ টাকার সম্পদ পাওয়া যায়।

আর লুত্ফর রহমান বাদল সম্পদ বিবরণীতে ১৫ কোটি ৪৮ লাখ ২ হাজার ৭ শত ১৫ টাকার স্থাবর সম্পদ এবং ১১৪ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৬ শত ৮১ টাকার অস্থাবর সম্পদ প্রদর্শন করেছেন।