জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার-ব্যানার ছিঁড়ে অবমাননা করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান স্টিফেনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দ্রুত বিচার আদালতে নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
স্টিফেনসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/৩০ জনকে মামলায় আসামি করা হয়েছে। বিচারক মোহাম্মদ সারওয়ার-ই আলম মামলাটি আমলে নিয়ে এফআইআর করার জন্য নবীনগর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
হাবিবুর রহমান স্টিফেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নবীনগর উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী। তবে তাকে শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযমের নিকট আত্মীয় ও ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে অভিযুক্ত করে দলীয় মনোনয়ন না দেয়ার দাবি জানিয়ে আসছেন মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য জহির সিদ্দিক টিটু, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম আল আমিন আহমেদ।