পল্টনে ডাস্টবিনে তাজা আর্জেস গ্রেনেড, গুলি

রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকার একটি ডাস্টবিন থেকে একটি তাজা আর্জেস গ্রেনেড ও ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পরে খবর পেয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আর্জেস গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন। পুলিশের একজন কর্মকর্তা জানান, গুলি ও গ্রেনেড পুরানো হলেও এগুলো মুক্তিযুদ্ধের সময়কার নয়। আর্জেস গ্রেনেডটি একুশে আগস্ট গ্রেনেড হামলায় ব্যবহূত গ্রেনেডের মতো মনে হয়েছে। এগুলো কেউ এই ডাস্টবিনে রেখে গেছে বলে তারা ধারণা করছেন। ওই কর্মকর্তা বলেন, উদ্ধার করা গুলির গায়ে ‘মেইড ইন পাকিস্তান’  লেখা রয়েছে।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, রবিবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন টোকাই লোহার ডাস্টবিনে গুলি ও গ্রেনেড দেখে টহল পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড দেখে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর  দেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সেই আর্জেস গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।’

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৮ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি, ২৮ রাউন্ড একে ফোর্টি সেভেন রাইফেলের গুলি ও ১৯ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।  

বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল­াহ চৌধুরী সাংবাদিকদের বলেন, গ্রেনেডটি দেখতে কিছুটা পুরানো হলেও তাজা ও শক্তিশালী ছিল। আমরা সেটা নিষ্ক্রিয় করেছি। তিনি বলেন, ডাস্টবিনে কিভাবে গ্রেনেড ও গুলি এল সে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।