চাটমোহরে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ ‌মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

পাবনার চাটমোহরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ‘গোলাগুলিতে’ মাদক বিক্রেতা মো. আব্দুল্লাহ (২৮) গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।আজ মঙ্গলবার ভোর ৩টার দিকে উপজেলা মথুরাপুর ইউনিয়নের মিশন গেট এলাকার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। 

আব্দুল্লাহ নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে।তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল জিল্লুর রহমান। 

পুলিশ জানায়, এসময় মাদক বিক্রেতা আব্দুল্লাহর কাছ থেকে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। এসময় অন্য মাদক বিক্রেতা পালিয়ে যায়।

চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন জানান, আব্দুাদুল্লাহর নেতৃত্বাধীন সংঘবদ্ধ মাদক বিক্রেতারা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো।সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে তাকে নিয়ে পুলিশ মঙ্গলবার ভোরে চাটমোহরের মিশন গেট এলাকায় চাটমোহর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা পলাশ এবং অফিসার ইনচার্জ সেখ মো. নাসীর উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় আব্দুল্লাহ পালিয়ে যাবার চেষ্টা করে। সে তার সঙ্গীদের কাছ থেকে অস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়। অন্য সহযোগীরা এসময় পালিয়ে যায়। 

আরও পড়ুন: সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ২৪ 

ওসি আরো জানান, আটকের পর আব্দুল্লাহর কাছ থেকে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। এ ঘটনায় চাটমোহর থানায় দুটি মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/কেকে