এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক দু:স্বপ্নের নাম বাংলাদেশ। বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে মিশন শুরু করলেও পরের দুই ম্যাচ জিতে মূল পর্বে খেলার সুযোগ পায় মাহমুদউল্লাহর দল। বিশ্বকাপে সব ম্যাচ হেরে যাওয়ায় প্রাইজমানির খুব একটা টাকা পাচ্ছে না বিসিবি। কারণ টুর্নামেন্টের আট ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে টাইগাররা।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবমিলিয়ে প্রাইজমানি দেওয়া হবে প্রায় ৫০ কোটি টাকা। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৪ কোটি আর রানার আপ দল পাবে ৭ কোটি টাকা। সবমিলিয়ে এ টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ৫৬ লাখ ইউএস ডলার।
নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জিতলে দল পাবে ৪০ হাজার ডলার। তিন ম্যাচ জিতে সুপার টুয়েলভে গেলে ১ লাখ ২০ হাজার ইউএস ডলার পাবে। আর প্রথম সুপার টুয়েলভে একটি ম্যাচ জিতলে ৪০ হাজার ইউএস ডলার। আর যদি কোনো ম্যাচ না জিতেও সুপার টুয়েলভ থেকে কোনো দল বিদায় নেয় তাহলে সেই দল পাবে ৭০ হাজার ডলার।
বাংলাদেশ প্রথম রাউন্ডে দুই জয় পাওয়ায় প্রতিটির জন্য ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার এবং সুপার টুয়েলভ নিশ্চিত করায় পাচ্ছে আরও ৭০ হাজার ডলার। মোট ১ লাখ ৫০ হাজার ডলার পাচ্ছে বাংলাদেশ। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।
এবারের আসরের জন্য ৫৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রয়েছে ১৬ লাখ ডলার আর রানার্সআপ দলের জন্য থাকছে ৮ লাখ ডলার।
আলাদাভাবে প্রতিটি ম্যাচ জয়ের জন্যই অর্থ পাচ্ছে দলগুলো। বাংলাদেশ সুপার টুয়েলভে কোনো জয় না পাওয়ায় তাদের টাকার পরিমাণটাও কম হচ্ছে। মূল পর্বে টাইগাররা হেরেছে পাঁচ ম্যাচের সবকটিতে।