সুপার টুয়েলভে শতভাগ সাফল্য চায় পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে চার ম্যাচ জিতে সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে পাকিস্তান। আজ গ্রুপ-২এ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে পাকিস্তান।

সুপার টুয়েলভে শতভাগ সাফল্য পেতে শেষ ম্যাচেও জিততে চায় তারা। অন্য দিকে  সুপার টুয়েলভে কোন জয়ের মুখ দেখেনি স্কটল্যান্ড। শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানোর পাশাপাশি জয় দিয়ে বিশ্বকাপ মিশনে ইতি টানার লক্ষ্য স্কটিশদের। শারজাহতে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় লড়বে পাকিস্তান ও স্কটল্যান্ড।

দাপুটে জয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিলো পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে ব্যবধানে হারায় তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ভারতকে হারানোর স্বাদ নেয় পাকিস্তান।

ভারতের পর নিউজিল্যান্ড ও আফগানিস্তানকেও ৫ উইকেটের ব্যবধানে হারায় পাকিস্তান।