পুনীতের মৃত্যুর পর জনগণের রোষানলে চিকিৎসক

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির ‘পাওয়ারস্টার’ খ্যাত অভিনেতা পুনীত রাজকুমার মারা গেছেন দশ দিন হলো। এখনো ভক্তরা তাকে হারানোর শোক ভুলতে পারছেন না। তার ভক্তদের অনেকেই মনে করছেন চিকিৎসা ভুলের জন্য মারা গেছেন তিনি। তাই পুনীতের চিকিৎসক রামানা রাও পুনীতভক্তদের রোষানলে পড়ছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুনীতের অনুরাগীদের একাংশের দাবি, চিকিৎসকের অবহেলাতেই মৃত্যু হয়েছে পুনীতের। আর তাতেই রোষনলের মুখে পড়েছেন ডা. রামানা রাও। প্রতিনিয়ত হুমকি, প্রতিবাদের মুখে পড়ছেন সেই চিকিৎসক। সে কারনে শনিবার (৬ নভেম্বর) তার নিরাপত্তার দাবি তুলেছে দ্য প্রাইভেট হসপিটালস অ্যান্ড নার্সিং হোমস অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই ওই চিকিৎসকের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সর্বক্ষণ চলছে পুলিশি টহল।

ছবি: সংগৃহীত

মূলত কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাইয়ের কাছে রামণের নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন পিএইচএএনএ-র সভাপতি প্রসন্ন। তার কথায়, ‘যেভাবে স্বাস্থ্য পরিষেবার উপর আঙুল তোলা হচ্ছে, তা অন্যায়। মানুষের বোঝা উচিত, মৃত্যু কারও হাতে নেই, কোনো চিকিৎসকেরও নেই।’


 
পুনীতের মৃত্যুর পরে রামানা এক সংবাদমাধ্যমকে জানান, শরীরে অস্বস্তি বোধ করায় গত ২৯ অক্টোবর সকালে স্ত্রী অশ্বিনীর সঙ্গে পুনীত তার হাসপাতালে যান। এরপর রামানাকে পুনীত জানান তার দুর্বল লাগছে। যা এর আগে পুনীতের মুখ থেকে কখনো শোনেননি রামানা। অত:পর তার বেশ কিছু টেস্ট করা হলেও হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।

ইত্তেফাক/বিএএফ