সেরা টি-টোয়েন্টি একাদশে কোহলিকে রাখেননি হরভজন

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। তবে দলটির আরও একটি ম্যাচ বাকি রয়েছে। সেটির মধ্য দিয়ে ক্রিকেটের এই সংস্করণে অধিনায়ক হিসেবে বিরাট কোহলি যুগের শেষ হতে যাচ্ছে। তবে ব্যাটার কোহলি ভারতীয় তথা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা। এ নিয়ে কেউ দ্বিমত করবে বলে মনে হয় না।

কিন্তু বিরাট কোহলিকে সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে রাখেননি ভারতীয় কিংবদ্বন্তী স্পিনার হরভজন সিং। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটারকে ছাড়াই একাদশ সাজিয়েছেন তিনি। যেখানে ভারত থেকে মাত্র তিন জন সুযোগ পেয়েছেন।

সর্বোচ্চ ৪ জন ওয়েস্ট ইন্ডিজ থেকে। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার একজন করে সুযোগ পেয়েছেন। দলটির অধিনায়ক ও উইকেটকিপার থাকছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ওপেনিংয়ে ভারতের রোহিত শর্মার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ওয়ানডাউনে ইংল্যান্ডের জস বাটলার, চার নম্বরে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স ও ছয় নম্বরে ধোনি। পরের তিনটি পজিশন তিন ক্যারিবিয়ানের দখলে। তারা হলেন- ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও সুনীল নারাইন। দুই পেসার হিসেবে থাকছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও ভারতের জাসপ্রিত বুমরা।

ইত্তেফাক/টিএ