টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখলো পাকিস্তান। সুপার টুয়েলভে প্রথম চারটি ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল তারা। এবার পঞ্চম ও শেষ ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলো। রবিবার (৭ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানেই থেমে যায় স্কটিশদের ইনিংস।
দলটির পক্ষে সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থাকেন রিচি ব্যারিংটন। কিন্তু অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় দলকে জেতাতে পারেননি। এছাড়া জর্জ মুন্সি ১৭ ও মিচেল লিস্ক ১৪ রান করেন। পাক বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন শাদাব খান। এছাড়া শাহিন আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলি নেন একটি করে উইকেট।
এর আগে শুরুতে ব্যাটিং করে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক বাবর আজম। এছাড়া শোয়েব মালিক ৫৪, মোহাম্মদ হাফিজ ৩১ ও মোহাম্মদ রিজওয়ান করেন ১৫ রান। এর মধ্যে মালিক ৬টি ছক্কা ও এক চারের সাহায্যে মাত্র ১৮ বলে এই রান সংগ্রহ করেন। যা চলমান আসরের সবচেয়ে দ্রুতগতির অর্ধশত রান।
ইত্তেফাক/টিএ