আলী যাকের ও আসাদুজ্জামান নূর- দেশের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বলতম নক্ষত্র। বহুবার একসঙ্গে মঞ্চে দাঁড়িয়েছেন দুজন। পেশাগত কাজের বাইরে ভালো বন্ধুও তারা। প্রয়াত আলী যাকেরকে নিয়ে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আর সেই অনুষ্ঠানে থাকবেন নূর। আবৃত্তি করবেন আলী যাকের স্মরণে।
আগামীকাল (১০ নভেম্বর) বিকাল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের মিলনায়তনে আয়োজন করেছে ‘সতত তোমাদের স্মরি’ শীর্ষক স্মরণ অনুষ্ঠান।
যেখানে আলী যাকের ছাড়াও জাদুঘরের আরও দুই ট্রাস্টিকে স্মরণ করা হবে। তারা হলেন, রবিউল হুসাইন, জিয়াউদ্দিন, তারিক আলী।
এছাড়াও অনুষ্ঠানে স্মৃতিচারণ করবেন নাট্যজন রামেন্দু মজুমদার, সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল ও লাইসা আহমেদ লিসা এবং তামান্না রহমানের পরিচালনায় নৃত্য পরিবেশন করবে ‘নৃত্যম’।
আলী যাকের অভিনয়ের পাশাপাশি দেশীয় বিজ্ঞাপনশিল্পের একজন পুরোধা ব্যক্তিত্বও। বাংলাদেশের শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটি-এর কর্ণধার ছিলেন তিনি।
শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক লাভ করেছেন। ২০২০ সালের ২৭ নভেম্বর তিনি মারা যান।
ইত্তেফাক/বিএএফ